এ.কে পলাশ|কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের ৮৪ দিন পর পাঁচ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
চলতি বছরের ২৭ সেপ্টেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি পদে জাকারিয়া তাহের সুমন এবং সাধারণ সম্পাদক পদে আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের নাম ঘোষণা করা হয়। তবে ওইদিন সুপার ফাইভের বাকি তিনটি পদের নাম ঘোষণা করা হয়নি।

পরবর্তীতে শনিবার সিনিয়র সহসভাপতি পদে মো. আমিরুজ্জামান ভূইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. কামরুল হুদা এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. নজরুল হক ভূইয়া স্বপনের নাম যুক্ত করে পাঁচ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৪ নভেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। চলতি বছরের ২ ফেব্রুয়ারি একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। দীর্ঘ ১৬ বছর পর গত ২৭ সেপ্টেম্বর সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।
নতুন আংশিক কমিটির সদস্যদের মধ্যে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল হুদা চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বেও রয়েছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে নির্বাচন করছেন। সাংগঠনিক সম্পাদক মো. নজরুল হক ভূইয়া স্বপন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

সিনিয়র সহসভাপতি মো. আমিরুজ্জামান ভূইয়া কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি। তিনি কুমিল্লা মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন।
সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি এবং জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সভাপতি জাকারিয়া তাহের সুমন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক। তিনি কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সাবেক সংসদ সদস্য এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন বলেন, “বর্তমানে পাঁচ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হবে।”