মঈনউদ্দিন|চট্টগ্রাম প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে ধর্মের নামে উগ্রবাদী জঙ্গি সন্ত্রাসীদের দ্বারা নির্মমভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মানবতার রাজনীতির দল বিশ্ব ইনসানিয়াত বিপ্লব (World Humanity Revolution)-এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।
এক বিবৃতিতে আল্লামা ইমাম হায়াত বলেন, পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে ধর্মের নামে অধর্ম উগ্রবাদী জঙ্গিবাদী সন্ত্রাসীদের এহেন হত্যাকাণ্ডে রাষ্ট্রের চরম ব্যর্থতা প্রকাশ পেয়েছে। তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “এ ধরনের হত্যাযজ্ঞে রাষ্ট্রের মৃত্যু ঘটেছে এবং রাষ্ট্র খুনিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।”
আল্লামা ইমাম হায়াত ধর্মের নামে অধর্ম উগ্রবাদী জঙ্গিবাদীদের আল্লাহ, রাসুল, ইসলাম ও মানবতার শত্রু আখ্যা দিয়ে বলেন, “কোনো খুনি কখনো মুসলিম হতে পারে না এবং কোনো ধর্মই হত্যাকে সমর্থন করে না।”
তিনি আরও বলেন, দয়াময় স্রষ্টার ভালোবাসায় সব মানুষকে ভালোবাসা, সব মানুষের জীবন, স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষা করাই ধর্মের প্রকৃত শিক্ষা। ধর্মের নামে সাম্প্রদায়িক উগ্রবাদী হিংস্র রাজনীতি বর্জন করে সব ধর্মের, সব মত-পথের মানুষের সমান অধিকার, নিরাপত্তা ও স্বাধীনতার ভিত্তিতে একটি বৈষম্যহীন অসাম্প্রদায়িক মানবতার রাষ্ট্র গড়ে তুলতে মানবতার রাজনীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
আল্লামা ইমাম হায়াত বলেন, একক গোষ্ঠীর স্বৈরদস্যুতামুক্ত অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্রই সব ধর্মের সব মানুষের জীবন, অধিকার, নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করার একমাত্র পথ।
তিনি দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসী গোষ্ঠী নিষিদ্ধের দাবি জানান এবং খুনিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।