মাহিদুল ইসলাম ফরহাদ|চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে সফল অভিযান চালিয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
গত ১৯ ডিসেম্বর গভীর রাত থেকে ২০ ডিসেম্বর ২০২৫ সকাল পর্যন্ত সোনামসজিদ ও তেলকুপি বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ১৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়,সীমান্তের শূন্য রেখা থেকে আনুমানিক ৩০ থেকে ৫০ গজের মধ্যে অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তায় অভিনব কায়দায় মোড়কজাত অবস্থায় ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ১৩৮ বোতল ভারতীয় CHOCO+ সিরাপ এবং ৪৮ বোতল Eskuf DX সিরাপ জব্দ করা হয়।
অভিযান চলাকালে মাদক চোরাকারবারীরা রাতের অন্ধকার ও ঘন কুয়াশার সুযোগে পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত নেশাজাতীয় দ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
উল্লেখ্য, গত কয়েকদিনে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের মোট ৩৮৫ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম অভিযানটির সত্যতা নিশ্চিত করে বলেন, চোরাকারবারীরা যতই নতুন কৌশল অবলম্বন করুক না কেন, সীমান্ত দিয়ে সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর ও ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।