পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
মেডিকেল কলেজে ভর্তির গৌরবজনক সাফল্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের কোতোয়ালী বাগ গ্রামে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় এলাকার মানুষ আনন্দে মেতে ওঠেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ রবিউল হকের মেধাবী সন্তান আব্দুল্লাহ আল আবিদ ২০২৫ শিক্ষাবর্ষে রাজশাহী মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ অর্জন করেন। তার এই সাফল্যে পরিবারসহ পুরো গ্রামবাসীর মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।
এই আনন্দঘন মুহূর্তকে স্মরণীয় করে রাখতে শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) জুমার নামাজ শেষে কোতোয়ালী বাগ গ্রামবাসীর উদ্যোগে আবিদকে সংবর্ধনা প্রদান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তার সুস্থতা, দীপ্ত ভবিষ্যৎ ও দেশসেবায় আত্মনিয়োগের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর রহমান, আবিদের বাবা প্রভাষক মোঃ রবিউল হক, কোতোয়ালী বাগ জামে মসজিদের ইমাম মাওলানা আজিজার রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার গ্রামবাসী।
গ্রামবাসীরা জানান, আব্দুল্লাহ আল আবিদের এই কৃতিত্ব গ্রামের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে এবং ভবিষ্যতে আরও শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তিতে আগ্রহী হবে।