চট্টগ্রামের পটিয়া থানায় গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতার ফেসবুক সেলফি ও স্ট্যাটাস পোস্টকে কেন্দ্র করে পুলিশের দায়িত্বে অবহেলার ঘটনা সামনে এসেছে। এ ঘটনায় পটিয়া থানার দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

সূত্র জানায়, বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি পালনের সময় চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. শোয়াইব-উল-ইসলাম মহিম (২১)-কে গত ১৭ ডিসেম্বর রাত আনুমানিক ২টার দিকে কাগজিপাড়া এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে পটিয়া থানা কম্পাউন্ডে রাখা হয়।

অভিযোগ রয়েছে, থানায় অবস্থানকালে মহিম তার মোবাইল ফোন ব্যবহার করে ডিউটিরত পুলিশের ঘুমন্ত অবস্থায় সেলফি, হাতকড়া পরা ছবি, বন্ধুর সঙ্গে কথোপকথনের ছবি এবং একাধিক স্ট্যাটাস ফেসবুকে পোস্ট করেন। এসব ছবি ও স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

ঘটনাটি সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিলে পুলিশ প্রশাসন প্রশ্নবিদ্ধ হয়। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হক এবং কনস্টেবল মো. সেলিমকে ক্লোজড করা হয়।

ক্লোজড হওয়ার খবর শুনে কনস্টেবল মো. সেলিম অসুস্থ হয়ে পড়েন এবং বর্তমানে তিনি পটিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।