আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুকদুলালী গ্রামে রাতের আকাশে হঠাৎ উজ্জ্বল আলোর ঝলক দেখা যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার রাত আনুমানিক ৭টা ২৮ মিনিটের দিকে জেলার বিভিন্ন এলাকা থেকে আকাশে একটি উজ্জ্বল আলোকরেখা দ্রুতগতিতে চলতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের গোলার মতো একটি উজ্জ্বল আলোর বল আকাশ চিরে এগিয়ে যায়, যার পেছনে দীর্ঘ উজ্জ্বল লেজ দেখা যাচ্ছিল। কয়েক সেকেন্ড স্থায়ী এই দৃশ্যটি মুহূর্তেই মিলিয়ে যায়।

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা আলোচনা শুরু হয়। অনেকেই ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিতে থাকেন। তবে বিশেষজ্ঞদের মতে, এটি একটি উল্কা বা মিটিওর। মহাকাশ থেকে আসা ক্ষুদ্র পাথর বা ধাতব কণা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় ঘর্ষণের ফলে জ্বলে ওঠে এবং এমন উজ্জ্বল আলোর সৃষ্টি করে। একে সাধারণভাবে ‘শুটিং স্টার’ বা ‘ফায়ারবল’ বলা হয়।

বিশেষজ্ঞরা আরও জানান, অধিকাংশ উল্কা বায়ুমণ্ডলেই পুড়ে যায়, ফলে এতে ভয়ের কোনো কারণ নেই। পরিষ্কার আকাশ ও শীতকালীন মৌসুমে এ ধরনের দৃশ্য তুলনামূলক বেশি দেখা যায়।

এই বিরল ও মনোমুগ্ধকর দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। অনেকেই নিজেদের মোবাইলে ধারণ করা ছবি ও ভিডিও শেয়ার করে অভিজ্ঞতা জানাচ্ছেন।