লুৎফর সিকদার|গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আরিফ-উজ-জামানের সঙ্গে মুকসুদপুর উপজেলা প্রশাসনের এক গুরুত্বপূর্ণ ও সার্বিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মুকসুদপুর উপজেলা পরিষদের হলরুমে অবস্থিত বিজয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, সমন্বিত ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় সরকারি সেবা সহজীকরণ ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া,চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা,প্রশাসনিক সমন্বয় জোরদার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন,সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত,সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ,ডিজিএফআই-এর প্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া,সাধারণ সম্পাদক মোঃ কাজী ওহিদুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সভায় জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং জনগণের কল্যাণে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দায়িত্বশীল প্রশাসনিক ব্যবস্থাপনা নিশ্চিত করার আহ্বান জানান।