কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করার চেষ্টা করার সময় এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন। বুধবার গভীর রাতে উপজেলার চন্দ্রা ত্রীমোড়ের পূর্বপাশে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
কালিয়াকৈর জোনাল অফিসের ডিজিএম জানান, রাতের কোনো এক সময় চোরচক্র ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে বৈদ্যুতিক লাইনে কাজ শুরু করে। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন যুবক মারা যান। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশ ও বিদ্যুৎ বিভাগকে জানায়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন ঘটনাটি নিশ্চিত করেছেন।