রংপুর-৩ (সদর-আংশিক সিটি) আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তৃতীয় লিঙ্গের প্রতিনিধি আনোয়ারা ইসলাম রানী।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর বিভিন্ন সদস্য তার সঙ্গে উপস্থিত ছিলেন।
আনোয়ারা ইসলাম রানী রংপুরের ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থার সভাপতি। দীর্ঘদিন ধরে তিনি তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও সামাজিক উন্নয়নে কাজ করে আসছেন। মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার জন্য বিভিন্ন মহলে তিনি প্রশংসিত হয়েছেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আনোয়ারা ইসলাম রানী বলেন,
“জনগণের ভালোবাসা ও উৎসাহ পেয়েই আমি রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। কোনো দলের ছায়া নয়, মানুষের আস্থা ও ন্যায়ের শক্তিই আমার একমাত্র ভরসা।”
তিনি আরও বলেন,
“আমি সুবিধাভোগী হতে নয়, মানুষের হয়ে কথা বলার জন্যই নির্বাচনে অংশ নিয়েছি। অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের কণ্ঠস্বর হতে চাই।”
নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন,
“আমার কোনো সংসার বা পিছুটান নেই। তাই রংপুর-৩ আসনের মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় আমার পুরো সময় ও শক্তি উৎসর্গ করতে চাই।”
তরুণ সমাজের উদ্দেশে তিনি বলেন,
“বেকার তরুণ-তরুণীদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। একটি ভোটই পারে ভয়ের রাজনীতির অবসান ঘটাতে।”
রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন,
“বুধবার বিকেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনোয়ারা ইসলাম রানী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর।”
উল্লেখ্য, এর আগেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগে প্রথম তৃতীয় লিঙ্গের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ২৩ হাজার ৩৩৯ ভোট অর্জন করেন।