ফারুকুর রহমান বিনজু|পটিয়া,চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১১৬ লিটার চোলাই মদসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।আটক ব্যক্তির নাম মোহাম্মদ রুবেল (২৬)।তিনি পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা।
স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার (১৭ ডিসেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাকিবের নেতৃত্বে একদল সেনা সদস্য হাইদগাঁও ইউনিয়নের নচু সওদাগরের বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানে বাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে মোহাম্মদ রুবেলকে আটক করা হয়।
অভিযান শেষে আটককৃত মদ ও অভিযুক্ত রুবেলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পটিয়া থানায় হস্তান্তর করা হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত মদ ও আটক ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।