মানিকগঞ্জ | ৩০ আগস্ট ২০২৬: মানিকগঞ্জের হরিরামপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ (টেকবার ২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় গ্রাম আদালতের অ্যাপ ডাউনলোড ও ব্যবহার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) উপজেলা অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহম্মেদ উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, টেকবার ২য় পর্যায়ের প্রশিক্ষণটি দুই মাস মেয়াদি। প্রশিক্ষণে হরিরামপুর উপজেলার মোট ৪০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন। এর মধ্যে ২০ জন যুবক ও ২০ জন যুবতী রয়েছেন। দুই মাসের প্রশিক্ষণ শেষে রোববার ছিল প্রশিক্ষণের সমাপনী দিন।
সমাপনী দিনের কর্মসূচির অংশ হিসেবে হরিরামপুর উপজেলার বাংলাদেশে গ্রাম আদালত সমন্বয়কারী মো. মাসুম মিয়া গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণার্থীদের বিস্তারিত ধারণা দেন। একই সঙ্গে গ্রাম আদালতের অ্যাপ ডাউনলোড, ব্যবহার ও এর কার্যকারিতা সম্পর্কে প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে বুঝিয়ে দেওয়া হয়।
আলোচনা সভায় গ্রাম আদালতের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলা হয়, প্রযুক্তির মাধ্যমে গ্রাম আদালত-সংক্রান্ত তথ্য ও সেবা সম্পর্কে সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছানো সম্ভব। এ ক্ষেত্রে প্রশিক্ষিত যুবক-যুবতীরা নিজেদের পাশাপাশি অন্যদেরও অ্যাপটি ব্যবহারে উৎসাহিত করতে পারেন।
প্রশিক্ষণার্থীরা গ্রাম আদালতের অ্যাপটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন এবং ভবিষ্যতে এ বিষয়ে অন্যদেরও সচেতন ও সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহম্মেদ প্রশিক্ষণার্থীদের ধন্যবাদ জানান এবং আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া