চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা | ৩০ আগস্ট ২০২৬: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সাপের কামড়ে মোহন আলী (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সাপের কামড়ের পর দ্রুত হাসপাতালে নিয়ে অ্যান্টিভেনমের প্রথম ডোজ দেওয়া হলেও উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় নেওয়ার পথে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত মোহন আলী আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর মাঠপাড়ার মুরাদ আলীর একমাত্র ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে মোহন। ভোররাতে হঠাৎ তার চিৎকারে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। স্বজনরা দ্রুত তার কাছে ছুটে গেলে মোহনকে সাপে কামড় দিয়েছে বলে জানতে পারেন।
পরে স্বজনরা দ্রুত তাকে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাপের কামড়ের বিষয়টি নিশ্চিত করেন এবং দ্রুত অ্যান্টিভেনমের প্রথম ডোজ প্রয়োগ করেন।
চিকিৎসা দেওয়ার পর মোহনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়ায় রেফার্ড করা হয়। পরে তাকে কুষ্টিয়ার উদ্দেশে নেওয়ার পথে হালসা এলাকায় পৌঁছালে তার বমি ও শ্বাসকষ্ট শুরু হয়।
এ অবস্থায় দ্রুত তাকে কুষ্টিয়ায় নেওয়া হয়। তবে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গতকাল শনিবার (২৯ আগস্ট) সকালে মোহন আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আলমডাঙ্গার গোবিন্দপুর মাঠপাড়ায় শোকের ছায়া নেমে আসে। মরদেহ বাড়িতে পৌঁছালে তাকে শেষবারের মতো দেখতে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা ভিড় করেন।
পরে বাদ মাগরিব গোবিন্দপুরে মোহন আলীর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে গোবিন্দপুর গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া