
গোপালগঞ্জ | ২৩ আগস্ট ২০২৬ : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পাউরুটি কিনতে গিয়ে সাত ও নয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে জসিম মুন্সী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করার চেষ্টা করলে তিনি কৌশলে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। বর্তমানে তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার রাতইল ইউনিয়নের চরপরানপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।
অভিযুক্ত জসিম মুন্সী চরপরানপুর গ্রামের জামাল মুন্সীর ছেলে। তিনি পেশায় ট্রাকচালক এবং পাশাপাশি একটি মুদি দোকান পরিচালনা করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী দুই শিশু আপন বোন। শনিবার দুপুরে তারা জসিম মুন্সীর দোকানে পাউরুটি কিনতে যায়। দোকানে পাউরুটি নেই বলে তাদের পাশের একটি বাড়িতে নিয়ে যান জসিম মুন্সী—এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীদের স্বজনরা।
পরে একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দুই শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। এ সময় শিশু দুটির চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে আসেন।
স্থানীয়রা অভিযুক্ত জসিম মুন্সীকে আটক করার চেষ্টা করলে তিনি কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে স্থানীয়দের অভিযোগ।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ঘটনায় শিশু দুটির বাবা সুলতান মিনা বাদী হয়ে শনিবার সন্ধ্যায় কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
লুৎফর সিকদার | গোপালগঞ্জ প্রতিনিধি
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া