টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ | ২২ আগস্ট ২০২৬: মাদক ও অনলাইন জুয়ার ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করে সুস্থ, সুন্দর ও নৈতিক সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় সেবকদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
শনিবার (২২ আগস্ট) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান। গোপালগঞ্জ জেলা জাতীয়তাবাদী ওলামা দল এ সভার আয়োজন করে।
জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সদস্যসচিব মাওলানা ছাইদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।
প্রধান অতিথির বক্তব্যে এস এম জিলানী মাদক ও অনলাইন জুয়ার সামাজিক ক্ষতিকর দিক তুলে ধরে বলেন, সম্ভাবনাময় যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা সমাজের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তাঁদের আধ্যাত্মিক দিকনির্দেশনা ও নৈতিক শিক্ষার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক, জুয়া এবং বিভিন্ন সামাজিক ব্যাধি থেকে দূরে রাখা সম্ভব।
সভায় জানানো হয়, সামাজিক ও নৈতিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ টুঙ্গিপাড়া উপজেলার ৭৭টি মসজিদের মোট ২৩১ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতার আওতায় এনে সম্মানীর ব্যবস্থা করা হয়েছে। একইসঙ্গে অসাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে উপজেলার পাঁচটি মন্দিরের ১০ জন পুরোহিত ও সেবায়েতকেও ভাতার আওতায় আনা হয়েছে বলে সভায় জানানো হয়।
এ প্রসঙ্গে এস এম জিলানী বলেন, ধর্মীয় ব্যক্তিত্বদের নিয়মিত সম্মানী প্রদান এবং তাঁদের পাশে দাঁড়াতে পারা আনন্দ ও গৌরবের বিষয়। আর্থিকভাবে কিছুটা স্বস্তি নিশ্চিত করা গেলে তাঁরা আরও নিবেদিতভাবে সমাজের মানবিক ও নৈতিক বিকাশে ভূমিকা রাখতে পারবেন।
আলোচনা সভায় মাদক ও অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে জুমার খুতবা ও সামাজিক জমায়েতে নিয়মিত সচেতনতামূলক বক্তব্য দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে মাদক ও অপরাধবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সভায় স্থানীয় ওলামা দলের নেতৃবৃন্দ ছাড়াও টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া