নরসিংদী, ২০ আগস্ট ২০২৬: নরসিংদীর মাধবদীতে স্ত্রী জাহানারা বেগমকে (৩৯) হত্যার পর মরদেহ মাটিচাপা দিয়ে গুম করার অভিযোগ উঠেছে স্বামী শরীফ মিয়ার (৪২) বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (১৯ আগস্ট) রাতে শরীফ মিয়াকে আটক করেছে পুলিশ।
নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা যায়, প্রায় ১৫ বছর আগে সামাজিকভাবে জাহানারা বেগমের সঙ্গে শরীফ মিয়ার বিয়ে হয়। তাদের সংসারে ৮ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। শরীফ মাধবদী শহরের একটি হোটেলে কাজ করতেন।
নিহতের স্বজনেরা জানান, জাহানারার মৃত্যুর ঘটনায় তারা সুষ্ঠু তদন্তের পাশাপাশি দায়ী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে শরীফ মিয়া দাবি করেন, সোমবার বিকেলে স্ত্রীর সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি স্ত্রীকে থাপ্পড় দিলে জাহানারা টিউবওয়েলের ওপর পড়ে অচেতন হয়ে যান। পরে তাকে ঘরে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর জ্ঞান না ফেরায় স্ত্রী মারা গেছেন বলে বুঝতে পারেন তিনি।
শরীফের দাবি, বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে তিনি কাউকে না জানিয়ে স্ত্রীর মরদেহ মাটিচাপা দেন।
ঘটনার দুই দিন পর বুধবার দুপুরে শরীফ মাধবদী থানায় গিয়ে স্ত্রী নিখোঁজ হয়েছেন—এমন অভিযোগ করার চেষ্টা করেন। তবে তার কথাবার্তায় পুলিশের সন্দেহ হলে তাকে নজরদারিতে রাখা হয়। পরে জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসে বলে পুলিশ জানিয়েছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, “স্ত্রীকে হত্যার পর মাটিচাপা দেওয়ার অভিযোগে শরীফ মিয়াকে আটক করা হয়েছে।”
পুলিশ জানায়, মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে বলে তা উদ্ধারের জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। ম্যাজিস্ট্রেটের আদেশ পাওয়ার পর মরদেহ উদ্ধার করা হবে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হবে।
ঘটনাটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত ও তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া