কচুয়া, চাঁদপুর | ১৯ আগস্ট ২০২৬: চাঁদপুরের কচুয়া উপজেলায় পৃথক পাঁচটি মাদকবিরোধী অভিযানে ৮১৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে আটক করেছে কচুয়া থানা পুলিশ।
পুলিশের তথ্যমতে, গত ১৭ ও ১৮ আগস্ট উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে অভিযানগুলো পরিচালিত হয়।
পুলিশ জানায়, ১৭ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে কচুয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের করইশ মৃধা বাড়ি জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে দাউদ হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় কচুয়া থানায় এফআইআর নম্বর-৩৫ মামলা করা হয়েছে।
এরপর ১৮ আগস্ট রাত সোয়া ৮টার দিকে শ্রীরামপুরে মানিক মেম্বারের বাড়ির সামনে অভিযান চালিয়ে রিয়াদ নামে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় এফআইআর নম্বর-৩৬-এ মামলা হয়েছে।
একই দিন রাত সাড়ে ১০টার দিকে গোহট দক্ষিণ পাড়াগাঁও ব্রিজের ওপর অভিযান চালিয়ে নিজাম উদ্দিন শুভকে আটক করা হয়। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় এফআইআর নম্বর-৩৭ মামলা দায়ের করা হয়েছে।
এদিকে ১৮ আগস্ট বিকেল পৌনে ৬টার দিকে আকানিয়া নাছিরপুর এলাকায় অভিযান চালিয়ে মাহমুদা বেগমকে আটক করে পুলিশ। তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় এফআইআর নম্বর-৩৮ মামলা হয়েছে।
এছাড়া ১৮ আগস্ট রাত সাড়ে ১টার দিকে বলরা গ্রামে অভিযান চালিয়ে তানভীর নামে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় এফআইআর নম্বর-৩৯ মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের হিসাব অনুযায়ী, পাঁচটি অভিযানে মোট ৮১৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারদের ১৯ আগস্ট যথাযথ পুলিশ পাহারায় চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া