লালমনিরহাট| ১৭ আগস্ট ২০২৬: লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দিন বাবুলের উদ্যোগে আগামী ১৮ আগস্ট আদিতমারী জি.এস. সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে কর্মী মূল্যায়ন সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সভাকে সামনে রেখে একটি পক্ষের সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ ও আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে।
স্থানীয় বিএনপির একাংশের দাবি, আদিতমারী উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে মাত্র দু-একটি ইউনিয়নের সাবেক কমিটির কিছু নেতাকর্মী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। অধিকাংশ ইউনিয়ন থেকে বর্তমান পর্যায়ের উল্লেখযোগ্য নেতাকর্মীদের উপস্থিতি ছিল না বলেও তারা দাবি করেন। তাদের ভাষ্য, সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দের বড় একটি অংশ বিএনপির সাবেক কমিটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
স্থানীয় নেতাকর্মীদের দাবি, বর্তমানে আদিতমারী উপজেলা বিএনপির কোনো পূর্ণাঙ্গ কমিটি না থাকায় সংবাদ সম্মেলনে উপস্থিত কয়েকজনকে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বর্তমান নেতৃত্ব হিসেবে উপস্থাপন করা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।
তাদের আরও অভিযোগ, একজন নির্বাচিত সংসদ সদস্যের বিরুদ্ধে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সমালোচনা বা বিষোদগার করা হলে তা দলের সাংগঠনিক পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। স্থানীয় বিএনপির একাংশের অভিযোগ, ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ পূরণ না হওয়ায় কিছু নেতা সংসদ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।
এদিকে স্থানীয়দের একটি অংশের দাবি, আদিতমারী-কালীগঞ্জ এলাকার সাধারণ মানুষের মধ্যে সংসদ সদস্য মো. রোকন উদ্দিন বাবুলের বিভিন্ন উন্নয়নমূলক ও জনসম্পৃক্ত কর্মকাণ্ড নিয়ে ইতিবাচক আলোচনা রয়েছে।
২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে রোকন উদ্দিন বাবুল বিজয়ী হন।
এর আগে নির্বাচনী প্রচারণার সময় আদিতমারী ও কালীগঞ্জের বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একাধিক কর্মসূচির খবরও প্রকাশিত হয়েছে।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের একাংশ মনে করছেন, ব্যক্তিগত স্বার্থকে কেন্দ্র করে দলের অভ্যন্তরে বিভাজন সৃষ্টি না করে সাংগঠনিক ঐক্য বজায় রাখা প্রয়োজন। তাদের মতে, আগামী ১৮ আগস্টের কর্মী মূল্যায়ন সভাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিভ্রান্তি, উত্তেজনা বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা রাখা জরুরি।
সংবাদ সম্মেলন ও কর্মী মূল্যায়ন সভাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় রাজনীতিতে তৈরি হওয়া এই মতবিরোধ শেষ পর্যন্ত কীভাবে সমাধান হয়, সেদিকেই এখন নজর স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া