চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর হালিমা খাতুন তরিকা (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এ ঘটনা ঘটে।
নিহত হালিমা খাতুন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পুরাতন উনিশবিঘী গ্রামের তরিকুল ইসলামের মেয়ে। সে স্থানীয় চাকপাড়া আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর হালিমা জানতে পারে, ইংরেজি বিষয়ে সে অকৃতকার্য হয়েছে। অন্যান্য বিষয়ে উত্তীর্ণ হলেও একটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় সে মানসিকভাবে ভেঙে পড়ে বলে স্বজনদের ভাষ্য।
পরে পরিবারের সদস্যরা তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শাহরিনা ইসলাম জানান, সোমবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে ওই শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল বলে জানান তিনি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, এসএসসি পরীক্ষার ফলাফলে একটি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর ওই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট সারা দেশে একযোগে প্রকাশ করা হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছিল।
হালিমার মৃত্যুর ঘটনায় তার পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া