গোদাগাড়ী (রাজশাহী) | ১০ আগস্ট ২০২৬:
রাজশাহীর গোদাগাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৪০০ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ (ESkuf) উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুটি বস্তা ফেলে প্রাইভেটকারে করে পালিয়ে যায় দুই মাদক কারবারি। পরে পালিয়ে যাওয়ার সময় প্রাইভেটকারটি পাশের গোমস্তাপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়লে পুলিশ গাড়িটি জব্দ করে।
সোমবার (১০ আগস্ট) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে গোদাগাড়ী থানার জৈটাবটলা গ্রামের মাসুদ রানার বসতবাড়ির পশ্চিম পাশে অর্জুন গাছের নিচের পাকা সড়ক থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
পুলিশের তথ্যমতে, পলাতক দুই আসামি হলেন—চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার সোনামসজিদ গ্রামের আতাউর রহমানের ছেলে মো. রুবেল হক (২৬) এবং একই উপজেলার কমলাকান্তি রাণীহাটি গ্রামের সুভান আলীর ছেলে মো. কামিরুল (২৫)।
জেলা পুলিশ জানায়, গোদাগাড়ী ও আশপাশের এলাকায় নিয়মিত মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনার সময় গোপন সূত্রে খবর পাওয়া যায়, জৈটাবটলা এলাকায় একটি প্রাইভেটকারের পেছনের দরজা খুলে দুই ব্যক্তি দুটি সাদা প্লাস্টিকের বস্তা নিয়ে অবস্থান করছেন।
সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে জেলা ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মো. আশাফুল ইসলামের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে রাত ১০টা ৪৫ মিনিটের দিকে ওই দুই ব্যক্তি বস্তা দুটি সড়কের ওপর ফেলে সিলভার গোল্ড রঙের একটি প্রাইভেটকারে করে নাচোলের দিকে দ্রুত পালিয়ে যান।
পরে পুলিশ ঘটনাস্থলে ফেলে যাওয়া বস্তা দুটি তল্লাশি করে ৪০০ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ উদ্ধার করে।
অন্যদিকে, দ্রুতগতিতে পালানোর সময় প্রাইভেটকারটি গোমস্তাপুর থানা-সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে গোমস্তাপুর থানা পুলিশ ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানা হেফাজতে জব্দ করে। তবে গাড়িটি থেকে নতুন করে কোনো অবৈধ মালামাল উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় পলাতক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গোদাগাড়ী থানায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার এবং আইনগত ব্যবস্থা গ্রহণে জেলা ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া