কিশোরগঞ্জের কটিয়াদীতে পূর্বশত্রুতা ও জমি-সংক্রান্ত বিরোধের জেরে মো. জাকির হোসেন (২৮) নামে এক সৌদি প্রবাসী যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৮ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের মাগুরা ভিটা (কুড়িখাই-মাগুরা) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন ওই এলাকার শিবলু মিয়া ও ঝরিনা বেগম দম্পতির ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। প্রায় পাঁচ মাস আগে ছুটিতে বাড়িতে আসেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে বাড়ির পাশের একটি বিল থেকে মাছ ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন জাকির হোসেন। পথে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে তার বুকে আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, বুকের মধ্যে ছুরি বিদ্ধ অবস্থায় জাকির জীবন বাঁচাতে সামনের দিকে দৌড়ানোর চেষ্টা করেন। এ সময় তার আত্মচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজন ও স্থানীয়দের দাবি, জাকিরের পরিবারের সঙ্গে একটি পক্ষের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছিল। এ বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
ওসি বলেন, নিহতের পরিবারের বক্তব্য ও প্রাথমিক তদন্তে জমিসংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট প্রতিপক্ষের সঙ্গে নিহতের পরিবারের আগেও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, তবে সে সময় থানায় লিখিত কোনো অভিযোগ করা হয়নি। ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় কটিয়াদী থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে সৌদি প্রবাসী জাকির হোসেনের হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে বিরাজ করছে আতঙ্ক ও ক্ষোভ। হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া