মনু নদ সেচ প্রকল্পকে কেন্দ্র করে সৃষ্ট কৃত্রিম জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে মৌলভীবাজারে কৃষক সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে কৃষি ও কৃষক রক্ষা কমিটি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন এলাকার কৃষক প্রতিনিধিরা।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মনু নদ সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনায় সমন্বয়হীনতার কারণে বিস্তীর্ণ কৃষিজমিতে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে আমন ধানসহ বিভিন্ন মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। প্রতি বিঘা জমিতে উল্লেখযোগ্য অর্থ ব্যয় করেও অনেক কৃষক কাঙ্ক্ষিত ফলন থেকে বঞ্চিত হচ্ছেন। এতে কৃষকদের আর্থিক ক্ষতির পাশাপাশি জীবিকা ও কৃষি উৎপাদন হুমকির মুখে পড়েছে।
বক্তারা আরও বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় কৃষি অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
স্মারকলিপিতে কৃষকদের পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—
মনু সেচ প্রকল্পজনিত কৃত্রিম জলাবদ্ধতার স্থায়ী সমাধান নিশ্চিত করা।
কাশিমপুর পাম্প হাউসের পাম্পগুলো সচল রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।
কৃষকদের স্বার্থে দ্রুত ও কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা।
বর্ষা মৌসুমে সিডিপি-সংলগ্ন আমন ক্ষেতে অপ্রয়োজনীয় পানি প্রবেশ বন্ধে কৃষি বিভাগের তদারকি জোরদার করা।
কৃষি ও কৃষক রক্ষা কমিটির নেতারা বলেন, দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কৃষকদের স্বার্থ রক্ষায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে কৃষি ও কৃষক রক্ষা কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের কৃষক প্রতিনিধি এবং ক্ষতিগ্রস্ত কৃষকরা উপস্থিত ছিলেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া