ঠাকুরগাঁও | ৫ আগস্ট ২০২৬: গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আন্দোলনে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, জুলাই শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৫ আগস্ট) দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।
সকালে ঠাকুরগাঁও পৌর শহরের বাসস্ট্যান্ড গোলচত্বর এলাকায় স্থাপিত ‘জুলাই যোদ্ধা চত্বরে’ জেলা প্রশাসন, জেলা পুলিশ, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জেলা প্রশাসনের আয়োজনে মির্জা রুহুল আমিন মিলনায়তনে এক আলোচনা সভা ও জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার বেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, বীর মুক্তিযোদ্ধা নুর করিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলাল উদ্দিন প্রধান, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম, জেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান জাহিদ এবং গণঅভ্যুত্থানের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রায়হান অপুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই যোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা গণঅভ্যুত্থানের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং আন্দোলনে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের আত্মদান দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁদের অবদানকে রাষ্ট্র ও সমাজের পক্ষ থেকে যথাযথ মর্যাদা দেওয়ার আহ্বান জানান।
দিনব্যাপী কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং সর্বস্তরের জনগণের অংশগ্রহণে গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া