শ্রীমঙ্গল, মৌলভীবাজার | ২ আগস্ট ২০২৬ :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন বানচালের উদ্দেশ্যে আদালতে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ তুলে ওই মামলা প্রত্যাহার, দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা এবং সুষ্ঠু ভোটগ্রহণের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছেন চা শ্রমিকরা।
রোববার (২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বালিশিরা ভ্যালীর বিভিন্ন চা বাগানের শ্রমিক ও ইউনিয়নের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এর আগে দুপুর ১২টায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ের হলরুমে বালিশিরা ভ্যালীর ৬৪টি চা বাগানের পঞ্চায়েত কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বালিশিরা ভ্যালীর সভাপতি বিজয় হাজরা।
সভায় বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির সভাপতি শ্রীধনি কুর্মি, সহ-সভাপতি পংকজ কন্দ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরাসহ অন্যান্য শ্রমিক নেতারা।
বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন দীর্ঘায়িত ও বানচাল করার উদ্দেশ্যে একটি পক্ষ আদালতে মিথ্যা মামলা করেছে। তারা অবিলম্বে মামলা প্রত্যাহার, নির্বাচন কমিশন গঠন এবং দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করে সুষ্ঠু, অবাধ ও নিরবচ্ছিন্ন ভোটগ্রহণের ব্যবস্থা করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, যারা মামলা করে নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, তাদের বিষয়ে শ্রমিকদের সতর্ক থাকতে হবে। একই সঙ্গে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, দ্রুত নির্বাচন কমিশন গঠন করে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন করা হলে শ্রমিকদের মধ্যে বিরাজমান অস্থিরতা দূর হবে এবং সংগঠনে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হবে।
মানববন্ধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা। তিনি অভিযোগ করেন, একটি পক্ষ আদালতে মামলা করে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা করছে। মামলার দ্রুত নিষ্পত্তি হলে নির্বাচন কমিশন গঠন এবং তফসিল ঘোষণা করা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
চা শ্রমিক নেতারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন, যাতে নির্ধারিত সময়ের মধ্যে ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন করা যায়।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া