কচুয়া, চাঁদপুর | ১ আগস্ট ২০২৬: চাঁদপুরের কচুয়া উপজেলায় পৃথক দুটি বিশেষ অভিযানে মোট ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে উদ্ধার করা ইয়াবা জব্দ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনা এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে গত ৩১ জুলাই ২০২৬ তারিখে থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযানে এসআই (নিরস্ত্র) আবু তাহের মোল্লা সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া পৌরসভা গেট এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারি মো. রাশেদ (২২)-কে গ্রেপ্তার করেন। তিনি করইশ দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। এ সময় তার হেফাজত থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় কচুয়া থানায় মামলা নং-০১, তারিখ ১ আগস্ট ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
অপরদিকে দ্বিতীয় অভিযানে এসআই (নিরস্ত্র) সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ কচুয়া থানাধীন জগতপুর এলাকায় অভিযান পরিচালনা করে মো. শাহারিয়ার (২৪)-কে গ্রেপ্তার করেন। তিনি জগতপুর এলাকার বাসিন্দা। তার হেফাজত থেকেও ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় কচুয়া থানায় মামলা নং-০৩, তারিখ ১ আগস্ট ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃত দুই আসামিকে শনিবার (১ আগস্ট) বিধি মোতাবেক পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, "মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কচুয়া থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া