মানিকগঞ্জ | ১ আগস্ট ২০২৬: মানিকগঞ্জে সাবেক মন্ত্রী ও বিশিষ্ট শিল্পোদ্যোক্তা হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী নানা ধর্মীয়, সামাজিক ও মানবিক কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বেলা ১১টায় জেলার গিলন্ড এলাকার মুন্নু সিটিতে মরহুমের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও কবর জিয়ারতের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন হরিরামপুর উপজেলা বিএনপি এবং সহযোগী অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন বিমান ও পর্যটনমন্ত্রী এবং জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও হরিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন শিকদার, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, সাবেক সহ-সভাপতি হাজী ওবায়দুর রহমান বাবুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. বুলবুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি দেলোয়ার হোসেন খান দুলালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা তাঁর কর্মময় জীবন, সততা ও রাজনৈতিক আদর্শ স্মরণ করেন।
স্মৃতিচারণ করতে গিয়ে সাবেক উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা বলেন, "হারুনার রশিদ খান মুন্নু ছিলেন সততা, আদর্শ ও আপসহীন নেতৃত্বের প্রতীক। তিনি কখনো অন্যায়কে প্রশ্রয় দেননি এবং ক্ষমতার অপব্যবহার করেননি। তাঁর আদর্শ নতুন প্রজন্মের রাজনীতিবিদদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।"
মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা, ফিজিওথেরাপি, বিভিন্ন মেডিকেল পরীক্ষা এবং ভর্তি রোগীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়। পাশাপাশি মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, মুন্নু ফ্যাব্রিক্স এবং হুরুন নাহার জামে মসজিদে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য, হারুনার রশিদ খান মুন্নু দেশের একজন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, সমাজসেবক ও সাবেক মন্ত্রী হিসেবে পরিচিত ছিলেন। শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক উন্নয়নে তাঁর অবদান আজও মানিকগঞ্জবাসীর কাছে স্মরণীয় হয়ে আছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া