নড়াইল | ২৯ জুলাই ২০২৬: হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে নড়াইল শহরের আলাদাতপুর এলাকায় অবস্থিত এনসিপির জেলা কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রূপগঞ্জ বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন নড়াইল জেলা এনসিপির আহ্বায়ক কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলাম এবং সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি।
বক্তারা বলেন, হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনা গণতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আঘাত। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের এনসিপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় দলটির উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া