সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহারের কারণে ভুয়া প্রোফাইল, পরিচয় জালিয়াতি এবং অনলাইন প্রতারণার ঘটনা বাড়ছে। এমন পরিস্থিতিতে প্রকৃত ব্যবহারকারী শনাক্তে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। প্রতিষ্ঠানটি সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে পরিচয় যাচাই (Identity Verification) সুবিধা চালুর ঘোষণা দিয়েছে, যার মাধ্যমে সফলভাবে যাচাই সম্পন্ন হলে ব্যবহারকারী পাবেন একটি ফ্রি ভেরিফায়েড ব্যাজ।
মেটা জানিয়েছে, এই নতুন ব্যাজটি অর্থের বিনিময়ে পাওয়া Meta Verified সাবস্ক্রিপশন সেবার অংশ নয়। এটি সম্পূর্ণ আলাদা একটি পরিচয় যাচাই ব্যবস্থা, যার লক্ষ্য হলো ব্যবহারকারীদের জানানো যে সংশ্লিষ্ট অ্যাকাউন্টটির পেছনে একজন প্রকৃত ব্যক্তি রয়েছেন।
নতুন ভেরিফিকেশন প্রক্রিয়ায় ব্যবহারকারীকে নিজের একটি সেলফি ভিডিও ধারণ করে জমা দিতে হবে। এরপর উন্নত ফেস-ম্যাচিং প্রযুক্তির মাধ্যমে ভিডিওটি প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করা হবে। যাচাই সফল হলে অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে নতুন ভেরিফায়েড ব্যাজ যুক্ত হবে।
মেটার নির্ধারিত শর্ত অনুযায়ী, ফ্রি ভেরিফায়েড ব্যাজ পেতে হলে—ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।ফেসবুক অ্যাকাউন্টটি কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী ভালো অবস্থায় থাকতে হবে। ভুয়া পরিচয় বা সন্দেহজনক কার্যকলাপের ইতিহাস থাকা যাবে না।সেলফি ভিডিওভিত্তিক পরিচয় যাচাই সফলভাবে সম্পন্ন করতে হবে।
পরিচয় যাচাই সম্পন্ন হলে ব্যাজটি ফেসবুকের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফিচারে প্রদর্শিত হবে। যেমন—ফেসবুক প্রোফাইল,Facebook Marketplace,Facebook Group,Facebook Dating
মেটার ভাষ্য অনুযায়ী, বর্তমানে এআই প্রযুক্তি ব্যবহার করে বাস্তবসম্মত ভুয়া ছবি, পরিচয় এবং অ্যাকাউন্ট তৈরি করা আগের চেয়ে অনেক সহজ হয়েছে। এসব ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণা, ভুয়া প্রচারণা, পরিচয় চুরি এবং বিভিন্ন ধরনের সাইবার অপরাধ সংঘটিত হচ্ছে।
এই নতুন পরিচয় যাচাই ব্যবস্থার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারবেন যে, তারা যাঁর সঙ্গে যোগাযোগ করছেন তিনি প্রকৃত ব্যক্তি কি না। তবে মেটা স্পষ্টভাবে জানিয়েছে, এই ব্যাজ কোনো ব্যক্তির সততা, বিশ্বাসযোগ্যতা বা নিরাপদ লেনদেনের নিশ্চয়তা দেয় না; এটি কেবল পরিচয় যাচাই সম্পন্ন হওয়ার একটি দৃশ্যমান প্রমাণ।
মেটা জানিয়েছে, নতুন এই ফিচারটি প্রথমে সীমিতসংখ্যক দেশে পরীক্ষামূলকভাবে চালু করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে বিশ্বের অন্যান্য অঞ্চলেও এটি সম্প্রসারণ করা হবে। তবে কোন দেশগুলো প্রথম পর্যায়ে এই সুবিধা পাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এআই-নির্ভর ভুয়া পরিচয় ও ডিজিটাল প্রতারণা বাড়তে থাকায় সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে পরিচয় যাচাই ব্যবস্থা চালু করা সামাজিক যোগাযোগমাধ্যমকে আরও নিরাপদ ও বিশ্বাসযোগ্য করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া