ভোলা | ২৯ জুলাই ২০২৬: ভোলা ও নোয়াখালীর হাতিয়ায় বাংলাদেশ কোস্ট গার্ড পরিচালিত পৃথক তিনটি বিশেষ অভিযানে মোট ১৩৯ পিস ইয়াবা, একটি চাইনিজ কুড়াল, নগদ অর্থসহ ৪ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্র জানায়, ২৮ জুলাই ২০২৬ (মঙ্গলবার) বিকেল সাড়ে ৩টার দিকে ভোলা সদর থানাধীন ইলিশা পাকার মাথা সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ২০ হাজার ৫০০ টাকা মূল্যের ৪১ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।
এদিকে ২৯ জুলাই ২০২৬ (বুধবার) রাত ৩টার দিকে ভোলার লালমোহন থানার উত্তর বাজার সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউট পোস্ট লালমোহন পৃথক অভিযান চালিয়ে প্রায় ২৩ হাজার টাকা মূল্যের ৪৬ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করে।
অন্যদিকে একই দিন ভোর ৪টার দিকে নোয়াখালীর হাতিয়া থানার সেকু মার্কেট এলাকায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া পরিচালিত আরেকটি বিশেষ অভিযানে প্রায় ২৬ হাজার টাকা মূল্যের ৫২ পিস ইয়াবা, একটি চাইনিজ কুড়াল এবং নগদ ৬ হাজার ৫৮০ টাকাসহ আরও একজন মাদক কারবারিকে আটক করা হয়।
অভিযানে জব্দ করা ইয়াবা, নগদ অর্থ ও অন্যান্য আলামত জব্দ তালিকাভুক্ত করে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, দেশের উপকূলীয় এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভয়াবহ মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া