বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে বিজ্ঞান শিক্ষার অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে ‘বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ’ প্রকল্পের আওতায় নির্মিত ৬ তলা বিশিষ্ট নতুন বিজ্ঞান ভবনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভবনটির উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, সরকারি শাহ সুলতান কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সহিদুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি রেজাউল করিম বাদশা বলেন, আধুনিক ও মানসম্মত বিজ্ঞান শিক্ষা নিশ্চিত করতে উন্নত অবকাঠামোর কোনো বিকল্প নেই। নবনির্মিত বিজ্ঞান ভবন শিক্ষার্থীদের পাঠদান, গবেষণা এবং ব্যবহারিক শিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত করবে। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় দক্ষতা অর্জনের মাধ্যমে স্মার্ট, দক্ষ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
কলেজ কর্তৃপক্ষ জানায়, নতুন ভবনটি চালু হওয়ায় বিজ্ঞান বিভাগের শ্রেণিকক্ষ, আধুনিক ল্যাবরেটরি ও ব্যবহারিক শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে। এতে শিক্ষার্থীরা উন্নত শিক্ষাসেবা গ্রহণের পাশাপাশি গবেষণামুখী কার্যক্রমে অধিক সুযোগ পাবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিরা কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সচেতন হওয়ারও আহ্বান জানানো হয়।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া