মৌলভীবাজার | ২৭ জুলাই ২০২৬: মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের দক্ষিণ ইসলামপুর গ্রামের একই পরিবারের ১১ জন দৃষ্টিপ্রতিবন্ধী সদস্যের মানবেতর জীবনযাপনের খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তাদের পাশে দাঁড়িয়েছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।

জানা যায়, লন্ডনে অবস্থানকালে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখে বিষয়টি অবগত হন এমপি নাসের রহমান। এরপর তিনি দ্রুত তার ব্যক্তিগত সহকারী ও স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। দেশে ফিরে শনিবার সরাসরি ওই অসহায় পরিবারটির বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শনকালে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দীর্ঘদিনের চিকিৎসা সংকট, বসবাসের সমস্যা ও দৈনন্দিন দুর্ভোগ সম্পর্কে বিস্তারিত জানতে চান। পরে পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা তুলে দেন।
এমপি নাসের রহমান জানান, তার উদ্যোগে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের মাধ্যমে পরিবারের তিন সদস্যের—একজন প্রাপ্তবয়স্ক ও দুই শিশুর—চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারের পর তারা দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন, যা পরিবারটির জন্য নতুন আশার আলো হয়ে এসেছে।
তিনি আরও বলেন, পরিবারের অন্যান্য সদস্যদের উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পরিবারটিকে সরকারি প্রতিবন্ধী ভাতা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা এবং বাড়িতে যাতায়াতের রাস্তা সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় সংসদ সদস্য এম নাসের রহমান বলেন, "আপনাদের কষ্টের কথা জানতে পেরে আমি চুপ করে থাকতে পারিনি। লন্ডনে থাকা অবস্থাতেই প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি। দেশে ফিরে সবার আগে আপনাদের খোঁজখবর নিতে এসেছি। আপনাদের পাশে আমি আছি, ভবিষ্যতেও থাকব।"
স্থানীয় বাসিন্দারা সংসদ সদস্যের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবারটির দীর্ঘমেয়াদি চিকিৎসা, পুনর্বাসন ও সরকারি সহায়তা নিশ্চিত করার দাবি জানান।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া