মৌলভীবাজার | ২৭ জুলাই ২০২৬: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বন বিভাগের উচ্ছেদ অভিযানে প্রায় এক হাজার ফলন্ত কমলাগাছ কেটে ফেলার ঘটনায় গঠিত তিন সদস্যবিশিষ্ট উচ্চতর তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। বুধবার (২৩ জুলাই) রাজকান্দি বন রেঞ্জের আদমপুর বন বিটের কালিঞ্জি এলাকায় ক্ষতিগ্রস্ত কমলাবাগান সরেজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করেন কমিটির সদস্যরা।
জানা গেছে, ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিলে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান। অন্য সদস্যরা হলেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. আব্দুর রহমান এবং মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. শাহিনা আক্তার।
তদন্ত কমিটির প্রধান আশরাফুর রহমান বলেন, “মৌলভীবাজারের এই এলাকায় গাছ কাটার বিষয়ে সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে বিভাগীয় কমিশনার তদন্ত কমিটি গঠন করেছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নিয়েছি এবং প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছি। এসব তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দ্রুত সরকারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। পরবর্তী সিদ্ধান্ত সরকার গ্রহণ করবে।”
উল্লেখ্য, গত ১৬ জুলাই বন বিভাগ রাজকান্দি বন রেঞ্জের আদমপুর বন বিটের কালিঞ্জি এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রায় পাঁচ একর বনভূমি উদ্ধার করে। অভিযানের সময় দীর্ঘ আট বছর ধরে গড়ে তোলা সালমা বেগম ও আলিম উল্লা দম্পতির ফলন্ত কমলাবাগান কেটে ফেলা হয়।
ভুক্তভোগী পরিবারের দাবি, এনজিও থেকে ১৫ থেকে ২০ লাখ টাকা ঋণ নিয়ে তারা বাগানটি গড়ে তুলেছিলেন। বাগানের ফল বিক্রি করে ঋণ পরিশোধের পরিকল্পনা থাকলেও নিয়মিত চাঁদা (মাসোহারা) না দেওয়ায় প্রতিহিংসাবশত বাগানটি কেটে ফেলা হয়েছে বলে তারা অভিযোগ করেন।
তবে এ অভিযোগের বিষয়ে বন বিভাগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং উচ্ছেদ অভিযানের প্রক্রিয়া পর্যালোচনার জন্যই তদন্ত কমিটি কাজ করছে। তদন্ত প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি সম্পর্কে সরকারি সিদ্ধান্ত ও প্রকৃত তথ্য স্পষ্ট হবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া