চাঁদপুরের কচুয়া উপজেলার ৯ নম্বর কড়ইয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মনোহরপুর গ্রামের কৃতি সন্তান মো. তানজিল খান জাতীয় বডিবিল্ডিং অঙ্গনে ধারাবাহিক সাফল্য অর্জন করে কচুয়া তথা চাঁদপুর জেলার সুনাম দেশব্যাপী ছড়িয়ে দিয়েছেন।
জাতীয় পর্যায়ের মর্যাদাপূর্ণ "মি. বাংলাদেশ-২০২৫" এবং "মি. ঢাকা-২০২৬" বডিবিল্ডিং প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি দুইবারই রৌপ্য পদক অর্জন করেন। তার এই ধারাবাহিক সাফল্য স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
তানজিল খানের এই অসাধারণ অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার কোচ, চাঁদপুরের কৃতি সন্তান ও জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত বডিবিল্ডার শহীদুর রহমান। দীর্ঘদিনের কঠোর অনুশীলন, শৃঙ্খলাবোধ এবং কোচের সঠিক দিকনির্দেশনায় তিনি জাতীয় পর্যায়ে নিজের যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন।
স্থানীয় ক্রীড়াপ্রেমী, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তানজিল খানকে অভিনন্দন জানিয়ে বলেন, তার এ অর্জন কচুয়ার তরুণদের খেলাধুলা ও শরীরচর্চার প্রতি আরও উৎসাহিত করবে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আরও বড় সাফল্য বয়ে আনবেন তিনি।
এদিকে কচুয়াবাসী তানজিল খান ও তার কোচ শহীদুর রহমানের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন। পাশাপাশি যুবসমাজকে মাদকমুক্ত থেকে নিয়মিত শরীরচর্চা, খেলাধুলা এবং সুস্থ জীবনধারায় অভ্যস্ত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া