ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় দুটি খাল পুনঃখনন প্রকল্পের কাজ সফলভাবে সম্পন্ন করে উদ্বৃত্ত প্রায় ১২ লাখ ৫৫ হাজার ৬৭৪ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহারের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিষয়টি স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি ও সচেতন মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
উপজেলা প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের জলই নদী আন্তার খাল (১০.৯০ কিলোমিটার) এবং পীরগঞ্জ ইউনিয়নের চাপোর খাল (২.৭৫ কিলোমিটার) পুনঃখননের জন্য সরকার প্রায় ২ কোটি ৭৯ লাখ টাকা বরাদ্দ দেয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়।
প্রকল্পের আওতায় খাল পুনঃখননের পাশাপাশি দুই পাড়ে প্রায় ৮ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। এতে স্থানীয় কৃষকদের সেচ সুবিধা বৃদ্ধি পেয়েছে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে খাল দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নেও প্রকল্পটি ইতিবাচক অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
প্রকল্পের সব কাজ সম্পন্ন হওয়ার পর বরাদ্দকৃত অর্থের একটি অংশ উদ্বৃত্ত থাকে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার-এর নির্দেশনায় নিয়ম অনুযায়ী হিসাব চূড়ান্ত করে ১২ লাখ ৫৫ হাজার ৬৭৪ টাকা চালানের মাধ্যমে সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, "উন্নয়ন প্রকল্পের প্রতিটি টাকা জনগণের আমানত। সঠিক পরিকল্পনা, কার্যকর তদারকি ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে প্রকল্পের গুণগত মান অক্ষুণ্ন রেখেই অর্থ সাশ্রয় করা সম্ভব হয়েছে। সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতেই উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।"
স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের মতে, যেখানে সরকারি উন্নয়ন প্রকল্পে অতিরিক্ত বরাদ্দ কিংবা ব্যয় বৃদ্ধির অভিযোগ প্রায়ই উঠে আসে, সেখানে পীরগঞ্জে প্রকল্পের কাজ সম্পন্ন করে উদ্বৃত্ত অর্থ সরকারকে ফিরিয়ে দেওয়া সততা, জবাবদিহিতা ও সুশাসনের একটি ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া