মৌলভীবাজারের রাজনগর উপজেলার একটি পরিবারের জন্য আশার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। জন্মান্ধ একই পরিবারের ১১ সদস্যের মধ্যে ইতোমধ্যে ৩ জন সফল অস্ত্রোপচারের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। বাকি ৮ জনের চোখের অস্ত্রোপচার ও প্রয়োজনীয় চিকিৎসার প্রস্তুতি চলছে।
জানা গেছে, মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমানের নির্দেশনা এবং রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলামের যোগাযোগ ও অনুরোধের প্রেক্ষিতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
বুধবার (২২ জুলাই) মৌলভীবাজার জেলা প্রশাসন, রাজনগর উপজেলা প্রশাসন এবং মৌলভীবাজার চক্ষু হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের সার্বিক সহযোগিতায় রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ইসলামপুর গ্রামের একই পরিবারের জন্মান্ধ সদস্যদের চিকিৎসা কার্যক্রম এগিয়ে নেওয়া হয়।
সফল অস্ত্রোপচারের পর পরিবারের তিন সদস্য প্রথমবারের মতো পৃথিবীর আলো দেখতে সক্ষম হয়েছেন। এ খবর এলাকায় আনন্দের সঞ্চার করেছে।
চিকিৎসাধীন রোগীদের দেখতে এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নিতে মৌলভীবাজার চক্ষু হাসপাতালে যান রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সিকদার এবং রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম।
এ সময় তারা জানান, চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টা, প্রশাসনের সহযোগিতা এবং মহান আল্লাহর অশেষ রহমতে এই সাফল্য এসেছে। তারা আশা প্রকাশ করেন, অবশিষ্ট ৮ জনের অস্ত্রোপচারও সফল হবে এবং তারাও দৃষ্টিশক্তি ফিরে পাবেন।
দৃষ্টিশক্তি ফিরে পাওয়া পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে বলেন, "আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, আমাদের পরিবারের সবাই যেন চোখের আলো ফিরে পায় এবং আল্লাহর সৃষ্টি এই সুন্দর পৃথিবী দেখার তৌফিক লাভ করে।"
স্থানীয় প্রশাসন ও চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, বাকি সদস্যদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে পর্যায়ক্রমে অস্ত্রোপচার করা হবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া