বরগুনা | ২৩ জুলাই ২০২৬: বরগুনার আমতলী উপজেলার ছুরিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে অর্ধশতাধিক মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে, সবুজ ছায়া সংগঠনের আয়োজনে এবং ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, পেন্সিল, রাবারসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। অভিভাবকরাও এ উদ্যোগের প্রশংসা করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিলরুবা আক্তার রজনী, মো. রিয়াজুল ইসলাম, তানজিল সিকদার, সাজিদ রাব্বি, রেজাউল, শিহাব, বশার ঘরামীসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।
বক্তারা বলেন, একটি শিক্ষিত, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিশুদের শিক্ষার বিকল্প নেই। আর্থিক সংকটের কারণে কোনো মেধাবী শিক্ষার্থী যেন পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে শিশুদের বিদ্যালমুখী করা, শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাজীবনকে আরও এগিয়ে নিতে ভবিষ্যতেও শিক্ষা সহায়তা, সচেতনতামূলক কার্যক্রম এবং বিভিন্ন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা।
স্থানীয়দের মতে, এ ধরনের সামাজিক উদ্যোগ শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করার পাশাপাশি সমাজে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া