গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ডিগলিয়া পালং এলাকায় উপকারভোগীদের মাঝে স্বল্পমূল্যে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় স্থানীয় ডিলার জালাল উদ্দিনের তত্ত্বাবধানে এবং উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালাম-এর উপস্থিতিতে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজাপালং ইউনিয়নের ৩, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মোট ২৩৩ জন উপকারভোগীর জন্য সরকার নির্ধারিত ১৫ টাকা কেজি মূল্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিয়মিতভাবে সহায়তা দিয়ে আসছে।
স্থানীয় ডিলার জালাল উদ্দিন বলেন, "সরকারের তালিকাভুক্ত উপকারভোগীদের মাঝে সুষ্ঠু ও স্বচ্ছভাবে চাল বিতরণ করা হচ্ছে। যারা আজ চাল নিতে পারেননি, তারা আগামীকাল এসে তাদের বরাদ্দকৃত চাল গ্রহণ করতে পারবেন।"
তিনি আরও জানান, বিতরণকৃত চালের গুণগত মান ও ওজন নিয়ে কারও কোনো মতপার্থক্য থাকলে তা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সকল উপকারভোগী যাতে নির্ধারিত পরিমাণ চাল সঠিকভাবে পান, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
ডিলার আরও জানান, ডিগলিয়া পালং খাদ্য বিতরণ কেন্দ্র থেকে মোট ৭ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।
উপস্থিত উপকারভোগীরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত ও স্বচ্ছভাবে খাদ্যবান্ধব কর্মসূচি পরিচালনার দাবি জানান।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া