চাঁদপুরের কচুয়া থানা পুলিশের পৃথক পাঁচটি অভিযানে ১০ পিস ইয়াবা ও ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৫ জন অভিযুক্ত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হকের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, প্রথম অভিযানে পৌরসভার কচুয়া বিশ্বরোড এলাকার ব্র্যাক অফিস সংলগ্ন হারুন মিয়ার ভাঙারির দোকানের সামনে থেকে কামরুল হাসান (৩৪) নামে এক ব্যক্তিকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা নং-৪০ দায়ের করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) মো. সাইফুল ইসলাম।
দ্বিতীয় অভিযানে কড়ইয়া এলাকার "মায়ের দোয়া" মাছের আড়তের সামনে থেকে মো. ইমাম হোসেন (২৫)-কে ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় মামলা নং-৪১ দায়ের করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) মো. আবু তাহের মোল্লা।
তৃতীয় অভিযানে আকানিয়া বাইপাস মোড় এলাকায় সোহান এরফান ডোর ফার্নিচার দোকানের সামনে থেকে মো. মেহেদী হাসান (২৪)-কে ৩০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলা নং-৪২ রুজু করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) মো. সোহেল খান।
চতুর্থ অভিযানে রহিমানগর বাজার থেকে সাতবাড়িয়া সড়কের "নানা-নাতি মিষ্টির দোকান" সংলগ্ন এলাকা থেকে মো. মোশারফ হোসেন ওরফে শিমু (৪০)-কে ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় মামলা নং-৪৩ দায়ের করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) মো. রুহুল আমিন।
পঞ্চম অভিযানে আকানিয়া এলাকায় আজিজের মুদি দোকানের সামনে থেকে মো. সোহেল (২৮)-কে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলা নং-৪৪ দায়ের করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) মো. সোহেল খান।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
কচুয়া থানা পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো ছাড় দেওয়া হবে না।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া