লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে যেতে নিষেধ করাকে কেন্দ্র করে স্ত্রীকে নির্মমভাবে মারধরের অভিযোগে অভিযুক্ত স্বামী জহির হোসেন (২৮)কে গ্রেপ্তার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে জহির হোসেন তার স্ত্রী মরিয়ম বেগম (২২)-কে বেধড়ক মারধর করেন। অভিযোগ অনুযায়ী, মারধরের একপর্যায়ে মরিয়ম বেগম নির্যাতন সহ্য করতে না পেরে স্বামীকে "বাপ" বলে ডাকলেও নির্যাতন থামেনি। এতে তার হাত-পা ভেঙে যাওয়ার অভিযোগ ওঠে।
গত ২০ জুলাই নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি রামগঞ্জ থানা পুলিশের নজরে আসে।
ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরীর সার্বিক নির্দেশনায় এএসআই মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। সোমবার রাতে অভিযুক্ত জহির হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, "নারী নির্যাতন, পারিবারিক সহিংসতা এবং সকল ধরনের অপরাধ দমনে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।"
স্থানীয়দের দাবি, নারী নির্যাতনের মতো ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করা হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ অনেকাংশে কমে আসবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া