লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে যেতে বাধা দেওয়াকে কেন্দ্র করে স্ত্রীকে নির্মমভাবে মারধর করে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী জহিরুল ইসলামের বিরুদ্ধে।
সোমবার (২০ জুলাই) দিবাগত রাতে উপজেলার ১ নম্বর কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া ওয়াপদা টেক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত গৃহবধূ মরিয়ম বেগম (২২) বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়দের ভাষ্য, তার সঙ্গে পাঁচ মাস বয়সী একটি সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে চট্টগ্রাম থেকে মরিয়মকে বিয়ে করে রামগঞ্জে নিয়ে আসেন জহিরুল ইসলাম। পরে ব্রহ্মপাড়া ওয়াপদা টেক এলাকার পাশে তারা বসবাস শুরু করেন। মরিয়মের নিকটাত্মীয় না থাকায় তাকে প্রায়ই নির্যাতনের শিকার হতে হতো বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
অভিযোগ অনুযায়ী, পাঁচ মাসের শিশুকে রেখে গভীর রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে বাইরে যেতে চাইলে মরিয়ম স্বামীকে যেতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে জহিরুল লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে মরিয়মের হাত-পা ভেঙে যায় বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর অভিযুক্ত স্বামী পালিয়ে যান।
স্থানীয়রা আহত মরিয়মকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
এলাকাবাসীর দাবি, অভিযুক্ত জহিরুল ইসলাম মাদকাসক্ত এবং মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।
এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, "এ পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জেনেছি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে এবং তদন্তে সত্যতা মিললে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া