"গাছ লাগাই, পরিবেশ বাঁচাই—গাছের সাথে মিতালী করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জ জেলার হাটিপাড়া এলাকার বান্দুমহিষা সচেতন যুব সংঘ ও বারসিকের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির আওতায় যুব সদস্যরা স্থানীয় নার্সারি থেকে কদবেল, আমড়া, পেয়ারা, জলপাই ও পিচফলসহ বিভিন্ন দেশীয় ফলজ গাছের মোট ১০০টি চারা সংগ্রহ করে বাড়ির আঙিনা, রাস্তার পাশ এবং স্থানীয় মসজিদ প্রাঙ্গণে রোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বান্দুমহিষা সচেতন যুব সংঘের সভাপতি রুমা আক্তার, সাধারণ সম্পাদক হুমায়ন কবির, বারসিকের সহযোগী সমন্বয়কারী সত্যরঞ্জন সাহা এবং প্রজেক্ট অফিসার (কৃষি)।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বজ্রপাত, নদীভাঙন ও পরিবেশগত ঝুঁকি ক্রমেই বাড়ছে। এসব দুর্যোগ মোকাবিলায় দেশীয় বৃক্ষরোপণের বিকল্প নেই। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাণবৈচিত্র্য সংরক্ষণ, পাখির আবাসস্থল সৃষ্টি এবং মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হলেও পরিকল্পিত বৃক্ষরোপণ ভবিষ্যতে খাদ্য ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। ফলে মানুষ, পশুপাখি ও প্রকৃতি—সবাই উপকৃত হবে।
যুব সংঘের সদস্যরা জানান, অতীতে ব্যক্তিগতভাবে বৃক্ষরোপণ করলেও এবার সংগঠিত উদ্যোগে পুরো এলাকায় সামাজিক আন্দোলন হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষকে পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করা হচ্ছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বান্দুমহিষা গ্রামের প্রায় ৫০ জন যুবক ও শিক্ষার্থীকে নিয়ে একটি শক্তিশালী সামাজিক নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। তারা বৃক্ষরোপণের পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রম, সামাজিক সচেতনতা বৃদ্ধি, নারীর নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা এবং সরকারি সেবায় প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতেও কাজ করছেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, পরিবেশ ও সমাজ রক্ষায় এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণে একটি সবুজ ও টেকসই সমাজ গড়ে উঠবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া