চট্টগ্রাম | ১৭ জুলাই ২০২৬: টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকা শুক্রবার (১৭ জুলাই) সরেজমিন পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সফরকালে তিনি বন্যাদুর্গত মানুষের সঙ্গে কথা বলেন, ক্ষয়ক্ষতির বাস্তব চিত্র পর্যবেক্ষণ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেন।
অর্থমন্ত্রীর সফরে তাঁর সঙ্গে ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া (চট্টগ্রাম-১৫) আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রার্থী নাজমুল মোস্তফা (আমীন), স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে অর্থমন্ত্রী বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে এবং পুনর্বাসনসহ প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বন্যায় সাতকানিয়া ও লোহাগাড়ার ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র অর্থমন্ত্রীর সামনে তুলে ধরেন। তিনি জানান, সাম্প্রতিক বন্যায় হাজারো বসতঘর, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদরাসা, কৃষিজমি, গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার এখনো মানবেতর জীবনযাপন করছে।
তিনি ক্ষতিগ্রস্ত মানুষের দ্রুত পুনর্বাসন, ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু পুনর্নির্মাণ, নদীভাঙন প্রতিরোধে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত অবকাঠামোর দ্রুত সংস্কার এবং নদী-খাল খননের মাধ্যমে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
অর্থমন্ত্রী স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং ক্ষতিগ্রস্ত মানুষের বক্তব্য মনোযোগ সহকারে শুনে জনদুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। তিনি বলেন, ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র মূল্যায়ন করে প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
এদিকে অর্থমন্ত্রীর লোহাগাড়া সফর উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। সার্বিক সমন্বয়, সফরসূচি বাস্তবায়ন এবং প্রশাসনিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ বাইজিদ বিন আখন্দ। তাঁর তত্ত্বাবধানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।
সফরকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে লোহাগাড়া থানা পুলিশ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং সফরস্থলসমূহে নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ। পুলিশের তৎপরতায় সফরটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
স্থানীয়দের মতে, অর্থমন্ত্রীর এই সরেজমিন পরিদর্শন বন্যাকবলিত সাতকানিয়া ও লোহাগাড়ার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা করছেন, এই সফরের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, অবকাঠামো উন্নয়ন, নদী সংস্কার এবং ভবিষ্যৎ বন্যা নিয়ন্ত্রণে কার্যকর সরকারি উদ্যোগ দ্রুত বাস্তবায়িত হবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া