লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, দোয়া, আলোচনা সভা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে স্মৃতিচারণসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে জুলাই গণঅভ্যুত্থানে রামগঞ্জের ছয় শহিদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, স্মৃতিচারণ, দোয়া মাহফিল এবং জুলাই শহিদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।
পরে সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে রামগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি আতিকুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী, সংসদ সদস্যের স্থানীয় প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল হাসান পাটোয়ারী, পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসান বান্না, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন পলাশ, জুলাই শহিদ আনোয়ারের পিতা আলা আমিন পাটোয়ারী, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের এবং সাবেক সভাপতি মাহমুদ ফারুক।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। এটি কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একক অর্জন নয়; বরং স্বাধীনতা, ন্যায়বিচার, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বস্তরের মানুষের আত্মত্যাগ, সংগ্রাম ও ঐক্যের ফসল।
তারা আরও বলেন, জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের রক্তে লেখা ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম, সাহস, ন্যায় ও সত্যের পথে চলতে অনুপ্রাণিত করবে। শহিদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা এবং তাঁদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করাই হবে প্রকৃত শ্রদ্ধা।
আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই শহিদ পরিবারের সদস্য, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া