বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক উদ্যোগ হিসেবে মৌলভীবাজারের রাজনগর উপজেলার একামধু বেড়িবাঁধ এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ ও বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে সিলেট রেঞ্জ পুলিশ।
মঙ্গলবার সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ারুল হক, পুলিশ সুপার মুহাম্মদ শরিফুল ইসলাম এবং পুলিশ সুপার আমিনুল ইসলাম।
এ সময় বন্যাকবলিত ১০০টি পরিবারের মধ্যে চাল, ডাল, ভোজ্যতেল, পেঁয়াজ, লবণ, আলু, চিড়া, মুড়ি ও বিস্কুটসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
পাশাপাশি মৌলভীবাজার পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে একটি বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। ক্যাম্পে বন্যার্তদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ, ওরস্যালাইন এবং বিশুদ্ধ পানির জন্য পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিনামূল্যে বিতরণ করা হয়।
এ সময় ডিআইজি ড. মো. জিল্লুর রহমান বলেন, "দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের মানবিক দায়িত্ব। বন্যার্ত মানুষের দুর্ভোগ কমাতে সিলেট রেঞ্জ পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।"
ত্রাণ ও চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় বন্যার্তরা সিলেট রেঞ্জ পুলিশ ও মৌলভীবাজার জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া