কুমিল্লা | ১৪ জুলাই ২০২৬: বন্যা, টানা বর্ষণ ও জলাবদ্ধতার কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত, পরীক্ষা পুনরায় গ্রহণ এবং শিক্ষামন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে অবস্থিত কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি শুরু হয়। এতে কুমিল্লার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়ে বিক্ষোভ, অবস্থান এবং স্লোগান দেন।
শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো হলো—দুর্যোগ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি তাদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের প্রকাশ্যে ক্ষমা চাওয়া।
কর্মসূচির একপর্যায়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষা বোর্ডের দিকে অগ্রসর হলে আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা এবং কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের প্রধান ফটকের বাইরে অবস্থান করে বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী সাফিন আহমেদ বলেন, "গতকাল অনেক শিক্ষার্থী কোমরসমান পানি পেরিয়ে পরীক্ষাকেন্দ্রে এসেছে। তাদের দুর্ভোগ কেউ দেখেনি। পরীক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি সংহতি জানাতেই আমি এখানে এসেছি।"
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী শাকিল আহমেদ বলেন, "বৈরী আবহাওয়ার কারণে অনেকের পরীক্ষা প্রত্যাশামতো হয়নি। এই পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাই দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার দাবি জানাচ্ছি। পাশাপাশি শিক্ষামন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও দাবি করছি।"
উল্লেখ্য, ১৩ জুলাই কুমিল্লা সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন কেন্দ্রে কোমরসমান পানি অতিক্রম করে পরীক্ষায় অংশ নিতে হয় অনেক পরীক্ষার্থীকে। এ ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তারা পরীক্ষার্থীদের নিরাপত্তা ও দুর্ভোগের বিষয়টি যথাযথভাবে বিবেচনা না করার অভিযোগ তুলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এদিকে দেশের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় চলমান এইচএসসি পরীক্ষা নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ অব্যাহত রয়েছে। শিক্ষার্থীরা দ্রুত তাদের দাবির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া