কক্সবাজার | ১২ জুলাই ২০২৬: কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজার দক্ষিণ স্টেশন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ রোকসানা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক কাজী দিদারুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ ইয়াবা উদ্ধার করা হয়।
আটক রোকসানা বেগম কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়া এলাকার বাসিন্দা। তিনি আব্দুল জলিলের স্ত্রী বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোটবাজার দক্ষিণ স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রোকসানা বেগমের বহন করা একটি ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ৫০টি নীল রঙের জিপারযুক্ত প্যাকেটের ভেতর থেকে মোট ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে রোকসানা বেগমকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী উখিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, মাদক পাচার ও কারবারের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকায় মাদক নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া