এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডের অধীনে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এবং এই বোর্ডের আওতাভুক্ত মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের জন্য কয়েকটি পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল রয়েছে।
রোববার (১২ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সব পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।
এ ছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সব জেলার পরীক্ষা (চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলা ছাড়া) পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী চলবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলা এবং চট্টগ্রাম বোর্ডের আওতাধীন মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের ১৩ জুলাই, ১৫ জুলাই ও ১৬ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো স্থগিত থাকবে।
স্থগিত হওয়া পরীক্ষার মধ্যে রয়েছে এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা।
শিক্ষা বোর্ড জানিয়েছে, স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া