টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম–কক্সবাজার রেলপথে টানা তিন দিন ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে পটিয়া, চট্টগ্রাম ও কক্সবাজার রুটে যাতায়াতকারী হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।
পটিয়া রেলস্টেশন সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে চট্টগ্রামের ষোলশহর থেকে জানালীহাট সেকশনের বিভিন্ন স্থানে রেললাইন পানিতে তলিয়ে যায়। এতে রেললাইন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। একই দিন প্রায় ৮৫০ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস মাঝপথে আটকে পড়ে।
ঘটনার পর রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিস্থিতি বিবেচনায় পানি না কমা পর্যন্ত চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এর ফলে কক্সবাজার এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস, সৈকত এক্সপ্রেস এবং প্রবাল এক্সপ্রেস চলাচল বন্ধ রয়েছে। এতে পটিয়া থেকে চট্টগ্রাম ও কক্সবাজারগামী যাত্রীদের বিকল্প সড়কপথ ব্যবহার করতে হচ্ছে, যা সময় ও ব্যয় উভয়ই বাড়িয়ে দিয়েছে।
রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানান, চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত প্রায় ৪৭ কিলোমিটার রেললাইন প্রায় ৫ ফুট উঁচু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পটি বর্তমানে টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে। কাজ সম্পন্ন হলে বর্ষা মৌসুমে রেললাইন পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকি অনেকাংশে কমবে এবং ট্রেন চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হবে।
এদিকে পটিয়া স্টেশন মাস্টার আবদুস সালাম বলেন, রেললাইন থেকে পানি সম্পূর্ণ নেমে গিয়ে প্রকৌশল বিভাগের নিরাপত্তা পরীক্ষা শেষে ট্রেন চলাচলের উপযোগী ঘোষণা করা হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।
রেলওয়ে সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রাম–কক্সবাজার রেলপথ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো। তাই দীর্ঘমেয়াদে জলাবদ্ধতা নিরসন ও রেললাইন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হলে ভবিষ্যতে এ ধরনের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া