লালমনিরহাট | ৯ জুলাই ২০২৬ : মাদক ও জুয়া নির্মূলে কঠোর অবস্থান নিয়েছে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি। আগামী এক মাস মাদক ও জুয়া সংক্রান্ত মামলায় গ্রেফতার হওয়া কোনো আসামির পক্ষে জামিন আবেদন কিংবা আইনি সহায়তা প্রদান না করার ঘোষণা দিয়েছে সমিতি।
বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি ঘোষিত ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেই জেলা আইনজীবী সমিতি এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। কর্মসূচির আওতায় মাদক, জুয়া, যৌতুক, বাল্যবিবাহ ও দুর্নীতিসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
লিখিত বক্তব্যে আইনজীবীরা বলেন, মাদক ও জুয়ার ভয়াবহ বিস্তারের কারণে দেশের যুবসমাজ বিপথগামী হচ্ছে। এতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। একজন আইনজীবী হিসেবে শুধু আদালতেই নয়, সামাজিক দায়িত্ববোধ থেকেও অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন। সেই দায়বদ্ধতা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কে. এম. হুমায়ুন কবীর (স্বপন), সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম (রফিক) এবং সমিতির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
আইনজীবী নেতারা জানান, ভবিষ্যতেও সামাজিক অপরাধ দমনে রাষ্ট্রের গৃহীত ইতিবাচক উদ্যোগকে সমর্থন জানানো হবে। একই সঙ্গে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচিকে সফল করতে প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
তারা আশা প্রকাশ করেন, আইনজীবীদের এই ব্যতিক্রমী উদ্যোগ গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে সমাজের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানও মাদক ও জুয়ার বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করতে উৎসাহিত হবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া