ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নবগঠিত বরিশল ইউনিয়নের প্রথম প্রশাসক হিসেবে ফজলুর রহমান ভূঁইয়াকে নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন। নির্বাচিত ইউনিয়ন পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত তিনি ইউনিয়নের সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি আইন অনুযায়ী আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করবেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ১৮(১) অনুযায়ী বরিশল গ্রামের বাসিন্দা ফজলুর রহমান ভূঁইয়াকে নবগঠিত বরিশল ইউনিয়নের প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
এর আগে একই আইনের ধারা ১১(১) অনুযায়ী ১২ মে ২০২৬ আখাউড়া উপজেলার আওতায় 'বরিশল' নামে নতুন একটি ইউনিয়ন গঠন করা হয়। পরে ৪ জুন ২০২৬ বাংলাদেশ গেজেটে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশিত হলে ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু করার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়।
নতুন বরিশল ইউনিয়ন গঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল, বৈষ্ণবপুর, কোড্ডা, শ্যামনগর, কোড়াবাড়ি ও চান্দি—এই ছয়টি গ্রাম নিয়ে। দীর্ঘদিন ধরে এলাকাবাসী পৃথক ইউনিয়নের দাবি জানিয়ে আসছিলেন। তাদের মতে, নতুন ইউনিয়ন প্রতিষ্ঠার ফলে নাগরিক সেবা দ্রুত ও সহজলভ্য হবে।
প্রশাসনিক তথ্য অনুযায়ী, নবগঠিত ইউনিয়নে মোট ৯টি ওয়ার্ড, আয়তন ১১.৮৭ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ১৭ হাজার ৬৮৪ জন। ভৌগোলিক ও জনসংখ্যাগত বিবেচনায় এটি আখাউড়া উপজেলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইউনিট হিসেবে আত্মপ্রকাশ করেছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নির্বাচিত ইউনিয়ন পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত প্রশাসক হিসেবে ফজলুর রহমান ভূঁইয়া সরকারি বিধি অনুযায়ী আর্থিক ব্যবস্থাপনা, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, সরকারি সম্পদের তত্ত্বাবধান, নাগরিক সেবা নিশ্চিতকরণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন এবং সরকারের বিভিন্ন সিদ্ধান্ত কার্যকর করবেন।
স্থানীয়দের মতে, নতুন ইউনিয়ন চালুর ফলে জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিকত্ব সনদ, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স, প্রত্যয়নপত্র প্রদান, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ ইউনিয়ন পরিষদভিত্তিক বিভিন্ন সরকারি সেবা এখন আরও সহজে পাওয়া যাবে। আগে এসব সেবার জন্য দূরবর্তী ইউনিয়ন পরিষদে যেতে হওয়ায় সাধারণ মানুষকে সময় ও অর্থ ব্যয় করতে হতো।
এছাড়া নতুন ইউনিয়ন প্রতিষ্ঠার ফলে সড়ক উন্নয়ন, গ্রামীণ অবকাঠামো, বিশুদ্ধ পানি সরবরাহ, স্যানিটেশন, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী।
উল্লেখ্য, ফজলুর রহমান ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ কবীর আহমেদ ভূঁইয়ার পিতা। এছাড়া তাঁর ছোট ছেলে আব্দুর রহমান সানি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহকারী একান্ত সচিব-২ (এপিএস-২) হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে প্রশাসক হিসেবে তাঁর নিয়োগ জেলা প্রশাসনের জারি করা সরকারি প্রজ্ঞাপনের ভিত্তিতেই কার্যকর হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে তিনি দায়িত্ব পালন করবেন এবং নির্বাচিত ইউনিয়ন পরিষদ গঠিত হওয়ার আগ পর্যন্ত উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখবেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া