জয়পুরহাট | ৬ জুলাই ২০২৬ : "উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), পাঁচবিবির যৌথ আয়োজনে উপজেলা সম্প্রসারিত কমপ্লেক্স ভবনের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. তোফাজ্জল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা রিপন আহম্মেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক (অব.) আলহাজ আজাদ আলী, পল্লী উন্নয়ন কার্যালয়ের মাঠ সহকারী এস এম মাসুম আলী এবং বিআরডিবির সুবিধাভোগী আব্দুল হকসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, টেকসই পল্লী উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রম এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হলে গ্রামীণ জীবনমান আরও উন্নত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সফল সমবায়ীদের মাঝে সম্মাননা, চেক ও পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমবায়ী, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া